শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:৫১ এএম

ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদরাসা মসজিদ সংলগ্ন কাঁঠালবাগান থেকে অপ্রীতিকর অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া ছাত্র বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। স্থানীয়দের বরাতে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ওই দুই শিক্ষার্থী রাতের আঁধারে স্থানীয় বাগানে যাতায়াত করছিলেন। স্থানীয় কয়েকজন তাদের ওপর নজর রাখলেও আগে আটক করতে পারেননি। শুক্রবার রাত আটটার পর তারা বাগানের ভেতরের দুটি ঘরের মাঝামাঝি স্থানে অবস্থান নিলে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে আটক করেন।

ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেখানে আলোচনার একপর্যায়ে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতিতে শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।

আটক ছাত্র জানান, তাদের মধ্যে প্রায় সাত-আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। তিনি বিষয়টি ভুল হিসেবে স্বীকার করে জানান, ছাত্রীকে তিনি ভালোবাসেন এবং বিয়ে করতে পূর্ণ সম্মতি প্রকাশ করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই শিক্ষার্থীদের প্রক্টর অফিসে নিয়ে আসা হয় এবং শনিবার পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।