বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
রেকর্ড গড়া ফুটবলার

কাভান সুলিভানের কীর্তি: এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৩:২১ পিএম

কাভান সুলিভানের কীর্তি: এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা

যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা মেজর লিগ সকারে ইতিহাস গড়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাসসেরা নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মিডফিল্ডার কাভান সুলিভান। মাত্র ১৭ বছর দুই দিন বয়সে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়লেন তিনি।

এর আগে ২০২০ সালের আগস্টে অরল্যান্ডো সিটির স্ট্রাইকার ড্যারিল ডাইক ২০ বছর ৯৮ দিন বয়সে এমএলএসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাসসেরা হয়েছিলেন। সেই রেকর্ডের চেয়ে প্রায় তিন বছর কম বয়সেই এই অনন্য মাইলফলক স্পর্শ করলেন সুলিভান।

সেপ্টেম্বরজুড়ে মাঠের পারফরম্যান্সে অপ্রতিরোধ্য ছিলেন তিনি। গত মাসে ফিলাডেলফিয়ার জার্সিতে চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি গোল। সেপ্টেম্বর মাসে সব মিলিয়ে নয়টি গোলে সরাসরি অবদান রেখে লিগের শীর্ষস্থান দখল করেন তিনি। চার ভাইয়ের মধ্যে সবার ছোট কাভানের জমজ দুই বড় ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন। কাভান নিজে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও অভিষেক পর্ব সম্পন্ন করেছেন।

টানা আট ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করার বিরল কৃতিত্ব দেখিয়েছেন সুলিভান পরিবারের এই তরুণ।

মেজর লিগ সকারের ইতিহাসে কোনো কিশোর বা টিনএজ ফুটবলারের এমন টানা সাফল্য দেখানোর নজির এই প্রথম। চলতি মৌসুমে এখন পর্যন্ত সাতটি গোল ও ১২টি অ্যাসিস্ট ঝুলিতে পুরেছেন তিনি। কোনো কিশোর খেলোয়াড়ের এক মৌসুমে মোট ১৯টি গোলে অবদান রাখার ঘটনা প্রতিযোগিতাটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে মাঠে নেমে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে যাত্রা শুরু করেছিলেন।

আগামীতে ১৮ বছর পূর্ণ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার চুক্তি চূড়ান্ত রয়েছে তার। তিনি প্রথম খেলোয়াড় যিনি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় এমএলএস নেক্সট লিগ থেকে নেক্সট প্রো এবং পরবর্তীতে মূল একাদশে উঠে এসে মাসসেরার এই গৌরব অর্জন করলেন।