অক্টোবর ৮, ২০২৬, ০৮:১৪ পিএম
বাংলাদেশের স্বল্প ও মধ্যম আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন নিরাপদ, সাশ্রয়ী ও প্রাকৃতিক দুর্যোগ-সহনশীল করতে ১০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট শীর্ষক প্রকল্পটির আওতায় সরাসরি উপকৃত হবে দেশের প্রায় ৪০ হাজার পরিবার। আগামী ২০৩১ সাল মেয়াদি এ প্রকল্পে প্রধান অগ্রাধিকার দেওয়া হবে নারী ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের আবাসন নিরাপত্তায়।
বৃহস্পতিবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এ তথ্য জানায়। এডিবির সঙ্গে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পক্ষে সংস্থার সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় চুক্তিতে এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন জানায়, বরাদ্দ করা এ ঋণের অর্থ কেবল নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রেই নয়, বরং বিদ্যমান পুরোনো বা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সার্বিক মেরামত ও মানোন্নয়নেও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। মূলত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা কিংবা ঋণ সুবিধা প্রাপ্তিতে নানা জটিলতার মুখে পড়া স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই আবাসন অর্থায়ন নিশ্চিত করা হবে।
বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় ও অতিরিক্ত উত্তাপের মতো বৈরী আবহাওয়া ও দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দারা যাতে দীর্ঘমেয়াদে আবাসন সুরক্ষা পান, সেজন্য বাড়ির নকশা ও নির্মাণকাজে প্রযুক্তিগত সহনশীলতার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম এমন ঘর নির্মাণ করার ফলে দুর্যোগে এসব অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমে আসবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন