বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

এলপিজির কৃত্রিম সংকট: মাঠপর্যায়ে তদন্তে নামছে প্রশাসন

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৭:৫৫ পিএম

এলপিজির কৃত্রিম সংকট: মাঠপর্যায়ে তদন্তে নামছে প্রশাসন

দেশের কোথাও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা মাঠপর্যায়ে খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই নির্দেশনা দেন।

বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে। মন্ত্রী জানান, দেশে এলপিজির সরবরাহে কোনো ধরনের ঘাটতি নেই। তবে কিছু এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরবরাহ পর্যাপ্ত থাকার পরও কেন ঘাটতির কথা উঠছে এবং কেন বাড়তি দাম রাখা হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।

মাঠপ্রশাসন থেকে তথ্য আসার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় সরবরাহ কম পাওয়া যাবে, সেখানে দ্রুত সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। একই সঙ্গে এলপিজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনকে সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।