সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৩৭ পিএম
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের ঘাটতি বা সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এই খাতের আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বর্তমান আমদানি পরিস্থিতি, মজুত, সরবরাহ ব্যবস্থা এবং বাজারদর পর্যালোচনা করার জন্য এই বিশেষ সভার আয়োজন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের বরাত দিয়ে সভায় সার্বিক চিত্র তুলে ধরে জানানো হয়, গত আগস্ট মাসে দেশে এক লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপি গ্যাস আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত দেশে এসেছে এক লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন গ্যাস।
আমদানি ও মজুতের এই পরিসংখ্যান বিবেচনায় দেশে জ্বালানির জোগান অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে।
ব্যবসায়ীদের আশ্বাসের পর জ্বালানি মন্ত্রী সতর্ক করে বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও কোনো অবস্থায় যেন গ্রাহক পর্যায়ে কৃত্রিম সরবরাহ ঘাটতি তৈরি না হয়। অসৎ উদ্দেশ্যে কেউ যেন অবৈধ মজুতদারি করে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করতে না পারে, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। জবাবে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সমন্বয় রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে এলপিজি অপারেটররা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে জ্বালানি বিভাগকে সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন মন্ত্রী। তিনি জানান, এলপিজি আমদানির পথে থাকা সব ধরনের প্রশাসনিক জটিলতা ও বাধা দূর করতে সরকার প্রয়োজনীয় সব সহায়তা দেবে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ রাখতে নীতিগত সব উদ্যোগ নেওয়া হবে জানিয়ে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন