অক্টোবর ৩০, ২০২৬, ১১:৩১ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মূল্য সংযোজন কর বা ভ্যাটসহ বিভিন্ন মানের স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৩৩ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর করা হয়েছে।
বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে আন্তর্জাতিক ও স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করে এই নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনটির নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কার বিক্রি হবে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিমূল্য ছিল দুই লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।
একই সঙ্গে হ্রাস পেয়েছে অন্যান্য মানের স্বর্ণের দরও।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের পরিবর্তিত দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৩ হাজার ৪২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে এক লাখ ৮২ হাজার ৯৪৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন বিক্রয়মূল্য দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন