আগস্ট ২২, ২০২৬, ০৩:৪০ পিএম
হাওর অঞ্চলের মানুষের জীবন ও অপেক্ষার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘জলপবন’। তরুণ নির্মাতা রাজন তালুকদার পরিচালিত এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে গত ১৫ আগস্ট থেকে সুনামগঞ্জের হাওর এলাকায়। ছবিটিতে ‘নিরালা’ নামে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রুনা খান।সিনেমার গল্পে হাওরবাসীর জীবনের এক গভীর বাস্তবতা ফুটে উঠবে।
চলচ্চিত্রটি প্রসঙ্গে রুনা খান গণমাধ্যমকে জানান, ‘জলপবন’ মূলত অপেক্ষার গল্প। নিরালা চরিত্রটি তার কাছে বেশ চ্যালেঞ্জিং ও আবেগপূর্ণ একটি কাজ। হাওর এলাকার মানুষের জীবনসংগ্রাম এবং তাদের টিকে থাকার গল্পই এই সিনেমার মূল কেন্দ্রবিন্দু। দর্শকদের জন্য একটি মানসম্মত চলচ্চিত্র উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এই অভিনেত্রী।
‘জলপবন’-এ রুনা খানের পাশাপাশি প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন প্রাচ্যনাটের সদস্য সুশান্ত পৃথ্বীরাজ ও জাবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সামিউল হক। এছাড়াও স্থানীয় থিয়েটারের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন অভিনয়শিল্পী এই সিনেমাটিতে যুক্ত হয়েছেন। ২০০৫ সালে ‘সিসিমপুর’ ধারাবাহিকের মাধ্যমে যাত্রা শুরু করা রুনা খান বর্তমানে চলচ্চিত্র ও ছোটপর্দায় সমানভাবে সফল। ২০১৭ সালে ‘হালদা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। রুনা খান অভিনীত ‘লীলা মন্থন’ ও ‘বক’ সিনেমাগুলো বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন