অক্টোবর ২৮, ২০২৬, ১১:৫৯ এএম
চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মরিয়ম বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন।
তিনি জানান, ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বজনরা তার মরদেহ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষ করার পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম। হাসপাতালে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।
সাদিকা পারভীন পপি বাংলাদেশের চলচ্চিত্রে এক পরিচিত নাম। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী বেশ কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন।
মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন পপি। লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি শোবিজে ব্যাপক পরিচিতি লাভ করেন।
১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। তবে দর্শক মহলে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছায়াছবি ছিল কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি মুক্তির পর দেশজুড়ে দারুণ সাড়া ফেলে এবং তৎকালীন সময়ে প্রায় ৭ কোটি টাকা ব্যবসা করে চলচ্চিত্র অঙ্গনে মাইলফলক সৃষ্টি করে।
পপির মায়ের মৃত্যুতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন