শহিদুল ইসলাম
মে ৪, ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ-লক্ষ্মীচাপ সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে ৬০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটার দিকে সদর থানার দুবাছড়ী গ্রামের জয়নাল আবেদীনের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া নুরুজ্জামান সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন খাসপাড়া গ্রামের মো. ওসমান গনি ও মোছা. জুলেখা বেগমের ছেলে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল লক্ষ্মীচাপ-রামগঞ্জ সড়কে অবস্থান নেয়।
সেই সময় সন্দেহভাজন নুরুজ্জামানকে ঘেরাও করে আটক করা হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সাইফুল আলম ও মো. জুলফিকার আলীসহ ডিএনসির সদস্যরা উপস্থিত ছিলেন।
আটকের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নুরুজ্জামানের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার প্যান্টের ডান পকেট থেকে একটি পলিথিন প্যাকেটে রাখা ৬০ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট ওজন ১৬ দশমিক ২ গ্রাম বলে নিশ্চিত করেছে অভিযান পরিচালনাকারী দল। ঘটনার পরপরই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত সিলগালা করা হয় এবং ল্যাবে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত যুবককে নীলফামারী সদর থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা আলামত বর্তমানে বিভাগীয় হেফাজতে রয়েছে এবং দ্রুতই তা আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হবে। জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।