বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
জীবনধারা

সঙ্গীর মন খারাপ থাকলে যে পাঁচটি ভুল কখনো করবেন না

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ১০:৪৯ এএম

সঙ্গীর মন খারাপ থাকলে যে পাঁচটি ভুল কখনো করবেন না

সঙ্গী মন খারাপ করে থাকলে অনেকেই দ্রুত সমস্যার সমাধান করতে চান। বোঝাতে চান নিজের অবস্থান কিংবা অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকতে বলেন। কিন্তু ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও এই ধরনের প্রতিক্রিয়া অনেক সময় পরিস্থিতি আরও খারাপ করে তোলে। সঙ্গী হয়তো তাৎক্ষণিকভাবে কোনো সমাধান চান না, বরং চান কেউ তার কথা শুনুক এবং তার কষ্টের কারণ বোঝার চেষ্টা করুক।

সঙ্গী মন খারাপ করে থাকলে যে পাঁচটি ভুল এড়িয়ে চলা উচিত, তার প্রথমটি হলো তাকে বলা যে সে অহেতুক বাড়াবাড়ি করছে। আপনার কাছে সমস্যাটি ছোট মনে হলেও সঙ্গীর কাছে তা নাও হতে পারে। তাকে এমন কথা বললে মনে হতে পারে যে তার অনুভূতির কোনো মূল্য নেই। এর পরিবর্তে তাকে জিজ্ঞেস করুন ঠিক কী কারণে তার মন খারাপ হয়েছে এবং মনোযোগ দিয়ে শুনুন।

দ্বিতীয় ভুলটি হলো তাৎক্ষণিকভাবে নিজের পক্ষে সাফাই গাওয়া। সঙ্গী যখন জানান যে আপনার কোনো কথায় তিনি কষ্ট পেয়েছেন, তখন প্রথম প্রতিক্রিয়া হয় আমি তো সেভাবে বলিনি! কিন্তু তাৎক্ষণিক সাফাই গাইলে সঙ্গীর মনে হয় আপনি তার কথা শুনছেনই না। আগে তার কথা সম্পূর্ণ বলতে দিন এবং তার অভিজ্ঞতাকে অস্বীকার না করে পরে নিজের ব্যাখ্যা দিন।

তৃতীয়ত, তাকে তাৎক্ষণিকভাবে কথা বলতে বাধ্য করা। কারও কারও শান্ত হওয়ার জন্য সময়ের প্রয়োজন হয়। সঙ্গী যদি একা থাকতে চান, তবে বারবার প্রশ্ন করে তাকে বিরক্ত করবেন না। তাকে সময় দিন এবং জানিয়ে রাখুন যে তিনি প্রস্তুত হলেই কথা বলবেন।

চতুর্থ ভুলটি হলো যখন তিনি কেবল চান আপনি তার কথা শুনুন, তখন তাকে অনাকাঙ্ক্ষিত পরামর্শ দেওয়া। সঙ্গী কর্মক্ষেত্র বা অন্য কোনো বিষয়ে কষ্ট পেলে তাকে সঙ্গে সঙ্গেই সমাধান দিতে শুরু করবেন না। বরং তাকে প্রশ্ন করুন যে তিনি কোনো পরামর্শ চান কি না, নাকি কেবল নিজের কথা বলতে চান।

পঞ্চম এবং আরেকটি বড় ভুল হলো পুরোনো তর্ক বা অতীতের ভুলগুলো টেনে আনা। বর্তমান সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে গত এক বছরে সম্পর্কের সমস্ত ভুল একসঙ্গে তুলে আনলে সমাধান অধরা থেকে যায়। তাই বর্তমান সমস্যাটির ওপরই মনোযোগ বজায় রাখুন।