অক্টোবর ১৬, ২০২৬, ০৫:৪৮ পিএম
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আগামী ২০ অক্টোবর রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। একই দিনে তিনি রংপুর ছাড়াও রাজশাহী ও চট্টগ্রামের আরও দুটি পৃথক পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে প্রশাসনিক ও নিরাপত্তা পর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, প্রধানমন্ত্রীর সরকারি সফরসূচি অনুযায়ী নগরীর রাধা গোবিন্দ মন্দির (যা স্থানীয়ভাবে রংপুর ধর্মসভা নামে পরিচিত) পূজামণ্ডপটি পরিদর্শনের মূল সিদ্ধান্ত রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও পরিদর্শনের সুবিধার্থে রাধা গোবিন্দ মন্দিরের পাশাপাশি শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির এবং গুপ্তপাড়া মন্দিরকেও বিকল্প ও প্রস্তুত হিসেবে সাজিয়ে রাখা হচ্ছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সৈয়দপুর থেকে সড়কপথে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে রওনা দেবেন। বেলা ১১টার দিকে তাঁর রাধা গোবিন্দ মন্দিরে উপস্থিত হয়ে পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে।
সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে তিনি পুনরায় সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন। এরপর বিমানযোগে রাজশাহী এবং পরবর্তী পর্যায়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই উত্তরাঞ্চল সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন জানান, প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে বিপুল আনন্দ তৈরি হয়েছে এবং দলীয়ভাবেও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি মন্তব্য করেন, দেশের জাতীয় ইতিহাসে এটি একটি বিরল ঘটনা হতে যাচ্ছে যে কোনো সরকারপ্রধান রাজধানীর গণ্ডির বাইরে এসে মফস্বল অঞ্চলের পূজামণ্ডপে সরাসরি শারদীয় উৎসবে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও প্রধান ঐতিহ্যবাহী মিলনকেন্দ্র হিসেবে পরিচিত এই রাধা গোবিন্দ মন্দির। ধর্মীয় উপাসনার পাশাপাশি এটি দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উৎসব, আলোচনা সভা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন