শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,
বিমান চলাচলে স্থবিরতা

ঢাকা-সৌদি রুটের ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৬ হাজার যাত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৬, ০৬:০৭ পিএম

ঢাকা-সৌদি রুটের ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ও পরিচালন বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদি রুটে নিয়মিত ফ্লাইট চলাচল কার্যত ভেঙে পড়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হালনাগাদ তথ্যমতে, উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের সর্বমোট ১০৭টি ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সরাসরি পরিচালিত ৪৪টি এবং বিভিন্ন ট্রানজিট রুটের ৬৩টি ফ্লাইট রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরে সাম্প্রতিক নিরাপত্তা হামলার জের ধরে বিমান পরিচালনায় এই কঠোর বিধিনিষেধ জারি করে সৌদি কর্তৃপক্ষ।

ফ্লাইট বিপর্যয়ের মুখে সর্বমোট ১৬ হাজার ৬২০ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

সরাসরি পরিচালিত ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির ১৭টি ফ্লাইট বাতিল বা স্থগিত করতে হয়েছে। এছাড়া বেসরকারি খাতের ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সৌদিয়া) ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি সরাসরি ফ্লাইট স্থগিতের তালিকায় রয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের ট্রানজিট রুটের ফ্লাইটগুলোতেও ব্যাপক প্রভাব পড়েছে।

ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ভারতের ইন্ডিগোর ২২টি এবং সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট পরিচালনা ব্যাহত হয়েছে। কাতার এয়ারওয়েজের ৯টি, ওমানের সালাম এয়ারের ৭টি, দুবাইভিত্তিক ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইটও শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাথে সার্বক্ষণিক সমন্বয় অব্যাহত রাখা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সাথে আটকে পড়া যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এয়ারলাইনসগুলোর সাথে কথা বলে বিকল্প সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।