অক্টোবর ১৬, ২০২৬, ০৬:৫২ পিএম
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ লাভ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা।
পোস্টে তিনি লিখেছেন, ‘হিলারী ক্লিন-টন তো অনেক বোকা! আবার ড. ইউনূসকে পুরস্কৃত করেছে!!’ ফেসবুকে প্রকাশের পর থেকেই তাঁর এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং হাজার হাজার পাঠক এতে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি দ্রুত শেয়ার করতে শুরু করেন।
ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সম্মাননা অর্জনের প্রেক্ষাপটেই এই মন্তব্য আসে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলরুমে আয়োজিত ওই বিশেষ সম্মাননা অনুষ্ঠানে বিশ্বের প্রায় ২৫টি দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূত, আন্তর্জাতিক উদ্যোক্তা, শিক্ষক এবং গবেষকসহ প্রায় ৪০০ বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. ইউনূসের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে উপস্থিত সব অতিথি আসন ছেড়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।
এ বছর ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বের মোট চারজন ব্যক্তিত্বকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে। অন্য তিন বিজয়ী হলেন ভারতের ‘সেলফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন’ (সেবা)-এর পরিচালক রিমা নানাবতী, আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও ‘টোরি বার্চ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা টোরি বার্চ এবং জর্ডানের ‘মাইক্রোফান্ড ফর উইমেন’-এর বোর্ড চেয়ার মুনা সুখতিয়ান। তাঁদের মধ্যে মুনা সুখতিয়ানকে বিশেষ ‘জর্জটাউন অ্যাম্বাসেডরস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন