জানুয়ারি ২২, ২০২৬, ০৯:০৪ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে ১১টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, প্রস্তাব ও নীতি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে মোট ১৩টি প্রধান এজেন্ডা উত্থাপিত হয়েছিল, যার মধ্যে ১১টি চূড়ান্ত অনুমোদন পেলেও দুটি অধ্যাদেশের খসড়া আরও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।অনুমোদিত অধ্যাদেশগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬’।
এছাড়া বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন (রোহিতকরণ) অধ্যাদেশ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) অধ্যাদেশ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট সংক্রান্ত দুটি পৃথক অধ্যাদেশও বৈঠকে অনুমোদন পায়। পাশাপাশি তথ্য অধিকার অধ্যাদেশ ২০২৬-এর খসড়াও উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।বৈঠকে আইনি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও কয়েকটি মাইলফলক প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) চুক্তির খসড়া এবং বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (বিজিইপিএ) স্বাক্ষরের প্রস্তাব।
এছাড়া পোলট্রি খাতের শৃঙ্খলা ও উন্নয়নে ‘জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা ২০২৬’ অনুমোদিত হয়। তবে মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) নীতির খসড়া দুটি আরও বিচার-বিশ্লেষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ফেরত পাঠানো হয়েছে।
জাতীয় ইস্যু হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন সরকারি ছুটির পাশাপাশি ভোটার উপস্থিতি বাড়াতে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করার প্রস্তাব বৈঠকে অনুমোদিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন। তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন