সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শবে বরাতে দেশবাসীকে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:০৪ এএম

শবে বরাতে দেশবাসীকে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাতে পালন করা হবে মহিমান্বিত এই রজনী। এই উপলক্ষ্যে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি ইসলামের অনুপম সৌন্দর্যে আলোকিত হয়ে ব্যক্তিগত ও জাতীয় জীবন থেকে সকল প্রকার অন্যায়, অবিচার ও অনাচার পরিহার করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। 

প্রধান উপদেষ্টা তার বার্তায় উল্লেখ করেন যে পবিত্র শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধি অর্জনের এক অনন্য সুযোগ এনে দেয়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার বাণীতে ধর্মীয় গুরুত্বের কথা উল্লেখ করে বলেন এই রাতকে হাদিসের আলোকে সৌভাগ্যময় রজনী হিসেবে গণ্য করা হয় যেখানে মহান আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তিনি মনে করেন এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।

 একই সঙ্গে আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। গুনাহ থেকে মুক্তি পেয়ে আল্লাহর অসীম অনুগ্রহ ও বরকত অর্জনের জন্য এই রাতকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্য ও শান্তির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের উচিত এই রজনীতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা।

 ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। কুসংস্কার ও অনাচার থেকে মুক্ত হয়ে ইসলামের সৌন্দর্যে জাতীয় জীবন আলোকিত করার যে আহ্বান তিনি জানিয়েছেন তা সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। পরিশেষে তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে দেশ ও জাতির হেফাজত কামনা করে সবার কল্যাণ প্রার্থনা করেন।