শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,
ভারতের রাজনীতি

পতাকা ওড়াও কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির প্রধানকে আটক করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৬, ০৬:০১ পিএম

পতাকা ওড়াও কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির প্রধানকে আটক করল পুলিশ

ভারতে পতাকা ওড়াও কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার মুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা প্রধান দীপককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙ্গা ওড়াও বা পতাকা ওড়াও নামের এই গণসমাবেশটির আয়োজন করা হয়েছিল। বিকেল পাঁচটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই দিল্লির নিজ বাসভবন থেকে বের হওয়ার মুখে দীপককে নিজেদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই দীপকের বাড়ির চারপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাঁর কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছিল। তবে সেই নোটিশ উপেক্ষা করে পূর্বঘোষিত সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সহযোগীদের গ্রেপ্তারের প্রতিবাদেই মূলত এই বিক্ষোভের ডাক দিয়েছিল সংগঠনটি।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সিজেপির দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেপ্তারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই সেন্ট্রাল পার্কে এই প্রতিবাদ সমাবেশের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পুলিশের সরাসরি বাধার মুখে দীপকে শেষ পর্যন্ত সভাস্থলে পৌঁছাতে পারেননি।

এই আটকের ঘটনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

তবে দীপককে কোন সুনির্দিষ্ট আইনে আটক করা হয়েছে কিংবা তাকে ঠিক কোথায় সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।