অক্টোবর ১৬, ২০২৬, ০৪:১৭ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দিনাজপুরে ১০ প্লাটুন সদস্য মোতায়েন করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন ৫৫টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এই সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। এর মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তের আট কিলোমিটারের ভেতরে অবস্থিত ৫১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা চারটি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত রয়েছে।
জরুরি নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা ও নিয়মিত নজরদারির অংশ হিসেবে পুরো এলাকায় নয়টি পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করেছে সীমান্তরক্ষী বাহিনী। ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সার্বক্ষণিক মাঠে থাকবে বিজিবি।
শুক্রবার বিকেলে রাঙ্গামাটি গোল্লা কালী দুর্গা মন্দির এবং সমসের নগর বলিহাড়পুর দুর্গা মন্দির পরিদর্শন করেন ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি। পরিদর্শনকালে তিনি জানান, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলেও এটি বাংলাদেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদে তাদের পূজা সম্পন্ন করতে পারেন, সেজন্য নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন বিজিবি অধিনায়ক।
তিনি বলেন, উৎসব চলাকালে কোনো ধরনের গুজব ছড়ানো বা অপতথ্য দিয়ে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টির চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর জোর দিয়ে অধিনায়ক বলেন, ধর্মে যার যার হলেও উৎসব সবার। কোনো ধরনের গুজবে কান না দিয়ে এবং যাচাই ছাড়া তথ্য প্রচার না করে সন্দেহজনক যেকোনো বিষয়ে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি। সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উৎসব শান্তিপূর্ণ করার আশাবাদ জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন