সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

আটোয়ারীতে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

আবু সালেহ মোঃ রায়হান

অক্টোবর ১৯, ২০২৬, ০২:৩০ পিএম

আটোয়ারীতে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

ছবি: দিনাজপুর টিভি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩০টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। একই সাথে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, ব্যারিস্টার তুষার কান্তি রায় এবং পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান। এছাড়া সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে তাঁরা শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছেন। সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সংসদ সদস্যের পক্ষ থেকে উপজেলার প্রতিটি মণ্ডপের অনুকূলে ১০ হাজার টাকা করে উপহার তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও উৎসবমুখর ও বৃহৎ পরিসরে যাতে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা যায়, সে লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।