শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
মাদরাসায় শৃঙ্খলা নিশ্চিত

মাদরাসায় নিপীড়ন রোধে, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

জাতীয় ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ০১:২৪ পিএম

মাদরাসায় নিপীড়ন রোধে, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

ছবি: সংগৃহীত

মাদরাসায় যৌন নিপীড়ন ও অশালীন ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, মাদরাসার মতো পবিত্র স্থানে যাতে কোনোভাবেই এমন গর্হিত ও অনৈতিক কার্যকলাপ না ঘটে, সে বিষয়ে মসজিদ ও সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকে মুসল্লিদের সচেতন করতে ইমামদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সারা দেশ থেকে কাউন্সিলে অংশ নেওয়া ইমামদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ধর্মমন্ত্রী বলেন, স্বার্থান্বেষী মহল যেন কোনো ধরনের উসকানি ছড়িয়ে দেশের বিরাজমান ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাজে ইমামদের ব্যাপক সামাজিক গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ সব ধরনের সামাজিক অনাচার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আলেম সমাজকে জোরালো বক্তব্য উপস্থাপন করতে হবে।

এদিকে কাউন্সিল অধিবেশনে ইমাম সমিতির পক্ষ থেকে নেতৃবৃন্দ নিজেদের কর্মক্ষেত্রের নানা সংকটের কথা তুলে ধরেন এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি পেশ করেন।