অক্টোবর ২৪, ২০২৬, ১১:৫১ এএম
জাতীয় সংসদে বিরোধী জোটের কোনো প্রকার অংশগ্রহণ ছাড়াই সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক শুরু হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
সংবিধান সংস্কার ও সংশোধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বহুমুখী মতবিনিময়ের অংশ হিসেবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই বিশেষ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন নারী সমাজের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব, সংবিধান ও আইন বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীরা।
পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এবং জুলাই জাতীয় সনদ প্রণয়নের সাথে যুক্ত প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
এ ছাড়া শিক্ষক, শ্রমজীবী মানুষসহ তৃণমূল ও জাতীয় পর্যায়ের বিভিন্ন স্তরে নেতৃত্বদানকারী ব্যক্তিদের মতামত গ্রহণের জন্য এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় অংশ নেয়নি সংসদের বিরোধী রাজনৈতিক জোট।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন