শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
কূটনৈতিক ভূরাজনীতি

চীন সফরে কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ০২:২৪ পিএম

চীন সফরে কিম জং উন

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে প্রতিবেশী দেশ চীনে পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির জাতীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, নতুন চালু হওয়া একটি আন্তর্জাতিক সেতু ব্যবহার করে চীনের সীমান্ত শহর ডান্ডংয়ে প্রবেশ করেছেন তিনি।

শনিবার দিনের শুরুর দিকে ‍‍`নিউ ইয়ালু রিভার ব্রিজ‍‍` পার হয়ে কিম জং উন ডান্ডং শহরে পৌঁছান বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দুই দেশের স্থলভাগকে সংযুক্তকারী এই বিশাল সেতুটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতার এই ঝটিকা সফর অনুষ্ঠিত হলো। দীর্ঘ ১২ বছর আগে ২০১৪ সালে চার লেনের এই আধুনিক সেতুর মূল নির্মাণকাজ শেষ হলেও এতদিন তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। মূলত উত্তর কোরিয়ার অংশে প্রয়োজনীয় সংযোগ সড়ক ও কাস্টমস সুবিধার ঘাটতি থাকায় দীর্ঘ সময় সেতুটি চালু করা সম্ভব হয়নি।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নবনির্মিত এই অবকাঠামো উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি চীন এবং পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার মধ্যকার বাণিজ্যিক যোগাযোগ আরও গভীর হবে।

বর্তমানে বহির্বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন পিয়ংইয়ংয়ের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলো বেইজিং। একই সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে উত্তর কোরিয়ার প্রধান নির্ভরতা চীনের ওপর, যদিও দীর্ঘ পথচলায় দুই মিত্র দেশের সম্পর্ক সব সময় পুরোপুরি মসৃণ ছিল না।