রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

এসএমই খাত উৎপাদন ও রফতানির চালিকাশক্তি হবে, বললেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ১১:৫৭ এএম

এসএমই খাত উৎপাদন ও রফতানির চালিকাশক্তি হবে, বললেন প্রধানমন্ত্রী

এসএমই খাত উৎপাদন ও রফতানির চালিকাশক্তি হবে বলে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ জরুরি বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র ও রফতানির প্রবেশদ্বার হিসেবে দাঁড় করানোই হবে জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর মূল লক্ষ্য। রোববার ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ আসবে, সেগুলো বিবেচনায় নিয়ে সরকার জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করেছে বলে জানান তিনি। পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি মাথায় রেখে তৈরি এই খসড়া শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে।

নতুন নীতিমালার আওতায় ২০৩১ সালের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান মোট দেশজ উৎপাদনে ৩৫ শতাংশে নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। একই সময়ের মধ্যে এই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও রয়েছে।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এ লক্ষ্য পূরণে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

এসএমই খাতকে কেবল অভ্যন্তরীণ বাজারের মধ্যে আটকে রাখলে চলবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও কাঁচামাল সরবরাহকারী এবং রফতানিমুখী উৎপাদনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে খাতটিকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের দক্ষতা এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে দেশে প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে জনশক্তি রফতানির সূচনা করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি।

অঞ্চলভিত্তিক শিল্পায়নের উদাহরণ হিসেবে ইতালির বিশেষায়িত শিল্প ক্লাস্টারের কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে, যেগুলোকে ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট এবং ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের নকশা, মান ও বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে একটি জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে আঞ্চলিক পর্যায়েও এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে দেশীয় এসএমই পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান জানান, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে পণ্য মেলা আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ আগ্রহ কাজে লাগাতে হবে এবং বিদেশি ক্রেতারা যেন সরাসরি অর্ডার দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি, লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা জরুরি।