শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

৫ পাটের গোডাউনে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ১২:৪৩ পিএম

৫ পাটের গোডাউনে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পাটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার পাট ও অন্যান্য ব্যবসায়িক মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। শুক্রবার রাতে উপজেলার বাটিকামারী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৩ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাটিকামারী বাজারে ব্যবসায়ী ইবাদত মাতুব্বরের পাটের গোডাউনের শাটারে ওয়েল্ডিং মেরামতের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি গোডাউনে থাকা পাটের ওপর ছিটকে পড়লে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন মারাত্মক রূপ নিয়ে আশপাশে থাকা আরও চারটি পাটের গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনে কিবরিয়া মিয়া, মুন্নু শেখ, ফারুক শেখ ও নজরুল ফকিরের পাটের গোডাউনের সমস্ত মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মুকসুদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পার্শ্ববর্তী ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর তিনটি ইউনিট স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে যৌথভাবে প্রায় এক ঘণ্টা নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক শেখ জানান, ইবাদত মাতুব্বরের গোডাউনের শাটারে ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি থেকেই এই বিপর্যয় ঘটে। নিমেষেই আগুন আশপাশের সব গোডাউনে গ্রাস করে নেওয়ায় ভেতরে মজুত থাকা পাট বের করার কোনো সুযোগ ছিল না। অগ্নিকাণ্ডে তাদের অন্তত ১০ লাখ টাকার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।