বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০১:৪২ পিএম

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

হাবিবুর রহমান যুক্তিবাদী

প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথিতযশা এই ওয়ায়েজ দীর্ঘ সময় ধরে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে তার যুক্তিপূর্ণ বক্তব্যের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। 

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আলেম সমাজ ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। 

তার পিতা মাওলানা মীর মনিরুদ্দীন ছিলেন ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীন সাহেবের খলিফা। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী তিনি নিজ গ্রামেই প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপর বারুদী নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন।

তিনি ১৯৬৭ সালে নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে ফাজিল ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে তিনি রাজধানীর প্রাচীন বিদ্যাপীঠ সরকারি মাদরাসা-ই-আলিয়াতে ভর্তি হন এবং সেখান থেকে কামিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে শিক্ষা জীবন সমাপ্ত করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার জন্মস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।