রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৭:৫৪ পিএম

আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ

বিচ্ছেদের পথে আবু ত্বহা ও সারা।

সারার সংসার আবারও ভেঙে গেছে। প্রথমবার বিবাহ বিচ্ছেদ হওয়ার কিছুদিন পর তারা পুনরায় বিয়ে করলেও দ্বিতীয় দফার সেই দাম্পত্য চার মাসের মাথায় শেষ হয়ে গেল। রোববার (১০ মে) সাবিকুন নাহার সারার বড় বোন মোছাম্মাত হাজেরা এই বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক অশান্তি ও মতবিরোধের জেরে আদনান-সারা দম্পতির সম্পর্কের অবনতি ঘটে বলে দাবি করেছেন মোছাম্মাত হাজেরা। তিনি জানান, রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার রাতে অর্থাৎ ঈদের আগের রাতে তাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যায়। এর আগে দুই পরিবারের পক্ষ থেকে সম্পর্ক টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা দীর্ঘস্থায়ী হয়নি।

বিচ্ছেদের কারণ হিসেবে আবু ত্বহা আদনানের বিরুদ্ধে গুরুতর ৪টি অভিযোগ তুলেছেন নাহারের বড় বোন। তিনি অভিযোগ করেন, আদনান চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং বিয়ের কথা বলে ছবি নিলেও শেষ পর্যন্ত বিয়ে করেন না। 

দ্বিতীয় বিয়ের পর তিনি সাবিকুন নাহারের কাছ থেকে টাকা নিতেন এবং তাকে নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার চাপ দিতেন বলে দাবি করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, আদনান বিলাসিতার জন্য নিয়মিত ঋণ করেন এবং মানুষের কাছ থেকে টাকা নিয়ে তা সওয়াবের কাজ বলে প্রচার করেন। এছাড়া পাবনায় অনার্সপড়ুয়া এক ছাত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল এবং ওই মেয়ের জন্য তিনি একটি মাদ্রাসাও তৈরি করে দিয়েছেন বলে দাবি করেন হাজেরা। এসব বিষয় নিয়ে সাবিকুন নাহার আপত্তি জানালে আদনান ক্ষুব্ধ হয়ে তালাকের সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদ ও অভিযোগের বিষয়ে জানতে আবু ত্বহা মুহাম্মদ আদনানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, উভয় পক্ষের সম্মতিতে এই যৌথ ও চূড়ান্ত তালাক সম্পন্ন হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‍‍`অপবাদ‍‍` হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এসবের জবাব দেওয়ার জন্য এক আল্লাহই তার জন্য যথেষ্ট।

উল্লেখ্য, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়। এরপর পরিবারের মধ্যস্থতায় গত ২ ডিসেম্বর তারা দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে পুনর্মিলনের মাত্র চার মাসের মাথায় আবারও আলাদা হয়ে গেলেন আলোচিত এই দম্পতি। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটল।