রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:০৯ পিএম

ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

বিজিবি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম, অস্থায়ী চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের খবর পেয়ে অভিযানে নামে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল মোশরফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, কোতোলী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, "সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।