শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না: রুহুল কবির রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ০২:৫৬ পিএম

আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না: রুহুল কবির রিজভী

উস্কানি দিয়ে আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্য সফল হবে না। বিরোধী দলের শ্রমিক আন্দোলনে সমর্থন দেওয়ায় ফ্যাসিবাদের সাথে গুপ্তদের নতুন করে সখ্যতা চলছে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের উস্কানিতে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করার জন্য শিল্পখাতে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত এবং ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পতিত শক্তি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা শক্ত হাতে প্রতিহত করবে।

আগামীকাল জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নয়াপল্টনে র‍্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠানমালা তুলে ধরে রিজভী আহমেদ বলেন, দেশ যখন একনায়কতন্ত্র কুচক্রের দ্বারা আক্রান্ত হয়েছে তখনই জনগণ রাজপথে নেমে এসেছে। তার উদাহরণ এরশাদ পতন এবং চব্বিশের অভ্যুত্থান।

অরাজকতা সৃষ্টির চেষ্টা ও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ তুলে উস্কানির রাজনীতি সফল হবে না বলে হুঁশিয়ারিও দেন রিজভী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সহ-সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।