রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৪:৪৭ পিএম

একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিনজন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা এলাকা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে মা, ছেলে ও নানি রয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন ছান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার, তার মা মনিরা বেগম এবং নানি সানজিদা বেগম। সানজিদা বেগমের বাড়ি পার্শ্ববর্তী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীরা প্রথমে বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আরও দুজনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে কচুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে নিহতদের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

প্রতিবেশীরা বাড়িতে না থাকায় বিষয়টি এতদিন জানাজানি হয়নি বলে জানিয়েছে পুলিশ। কচুয়া থানার উপপরিদর্শক মো. মাহমুদ হাসান জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।