জুলাই ৮, ২০২৬, ০৮:১৪ পিএম
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফলে এখন থেকে তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রাপ্য হবেন। বুধবার (৮ জুলাই) মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এই সুবিধা বর্ধিত করা হয়েছে। অর্থ বিভাগের গত বছরের ২১ অক্টোবরের স্মারক অনুযায়ী, ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে এবং ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে।
মাউশি কর্তৃপক্ষ বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ শর্ত পরিপালনের নির্দেশনা দিয়েছে: ১. পরবর্তী বেতন স্কেলে বাড়িভাড়া ভাতার এই অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে। ২. এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে। ৩. বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ৪. ভাতা প্রদানের ক্ষেত্রে দেশের সকল আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে। ৫. বাড়িভাড়া ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে তার দায় নিতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন