শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,
শারদীয় দুর্গোৎসব

শারদীয় দুর্গাপূজা শুরু আজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৬, ০৯:৪৭ এএম

শারদীয় দুর্গাপূজা শুরু আজ

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে সারা দেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে কল্পারম্ভ ও ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতার মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবীর রূপ উন্মোচিত হয়। শাস্ত্রীয় বিধান মেনে সন্ধ্যায় শ্রীশ্রী দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যে দেবীপক্ষের সূচনা ঘটেছিল। উৎসব ঘিরে গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরি, প্রতিমায় রং তুলির শেষ আঁচড় দেওয়া এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জার কাজ সম্পন্ন করেন মৃৎশিল্পীরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় মণ্ডপ ও তোরণ নির্মাণের কাজও পুরোপুরি শেষ হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া হিসাব অনুযায়ী, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫টি। সেই হিসাবে এবার সারা দেশে পূজামণ্ডপ বেড়েছে ৪৯৬টি।

তবে রাজধানীতে পূজামণ্ডপের সংখ্যা কিছুটা কমেছে। ঢাকা মহানগরীতে এবার ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের ২৬১টির তুলনায় তিনটি কম।

শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোর জন্য ২২ দফা নিরাপত্তামূলক নির্দেশনা পাঠানো হয়েছে। এসব নির্দেশনার মধ্যে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নিজস্ব স্বেচ্ছাসেবী মোতায়েন রাখা, সিসি ক্যামেরা স্থাপন, প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রস্তুত রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে তাৎক্ষণিকভাবে অবহিত করার বিষয়টি আবশ্যিক করা হয়েছে।

একই সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে বহুমুখী নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বিক গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।