অক্টোবর ১৬, ২০২৬, ১১:৩৯ এএম
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আটক হওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান এবং কনস্টেবল রোহিত।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। মাদক উদ্ধারের অভিযানে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।
ঘটনার বিবরণ দিয়ে ওসি জানান, মাদক উদ্ধারের জন্য থানার ওই দুই পুলিশ সদস্য আশাবাড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন। অভিযানে নতুন দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল রোহিত ওই এলাকার রাস্তাঘাট ভালোভাবে চিনতে পারেননি। একপর্যায়ে চিহ্নিত এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত ভারতীয় সীমান্তের ২ হাজার ৫৯ নম্বর পিলারের অভ্যন্তরীণ এলাকায় প্রবেশ করেন।
সেখানে পৌঁছামাত্র স্থানীয় মাদক কারবারিরা কনস্টেবল রোহিতকে প্রথমে ঘিরে ফেলে আটক করে। খবর পেয়ে সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক ইমরান তাকে ছাড়িয়ে আনতে সেখানে এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কেই নিজেদের হেফাজতে নিয়ে যায়।
আটক দুই সদস্যকে দ্রুত ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফের হাতে আটক হওয়া সহকারী উপপরিদর্শক ও কনস্টেবলকে দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে দুই দেশের সীমান্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন