অক্টোবর ৩, ২০২৬, ১১:৩১ পিএম
রাজধানীর বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, খাবার পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা সুবিধাবঞ্চিত পথশিশুদের রেস্টুরেন্টে ডেকে নিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি চলাচলের সময় পথশিশুরা তাকে নিয়মিত সালাম জানাত এবং প্রধানমন্ত্রীও তাদের সালামের জবাব দিতেন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে এসব পথশিশু ও বয়স্ক নারীদের একটি অভিজাত খাবারের দোকানে নিয়ে এই বিশেষ মধ্যাহ্নভোজ করানো হয়।
নিয়মিত যাতায়াতের পথে তাদের জীবনসংগ্রাম প্রত্যক্ষ করেই এই মানবিক সিদ্ধান্ত নেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচলের সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খেটে খাওয়া এই শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকা নির্বাহের চিত্রটি সরকারপ্রধানের বিশেষ নজরে আসে। শনিবার তিনি শুধু তাদের শুভেচ্ছা বা সালাম গ্রহণ করেই থেমে থাকেননি। তিনি তার অতিরিক্ত প্রেস সচিবকে সরাসরি নির্দেশ দেন বিজয় সরণি মোড়ে অবস্থানরত এসব নিম্নআয়ের মানুষের জন্য একবেলা ভালো খাবারের ব্যবস্থা নিশ্চিত করার।
প্রধানমন্ত্রীর এই মৌখিক নির্দেশনা পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। দুপুরে রাস্তা থেকে এসব পথশিশু, সুবিধাবঞ্চিত কিশোর ও বয়স্ক নারীদের পরম যত্নে ডেকে নিয়ে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে বসানো হয়। সেখানে তাদের সবাইকে একসাথে বসিয়ে তৃপ্তিসহকারে দুপুরের খাবার পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন অপ্রত্যাশিত ও উষ্ণ আতিথেয়তা পেয়ে উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষগুলো অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাদের কয়েকজন বলেন, প্রধানমন্ত্রী যে তাদের সালাম গ্রহণ করেন সেটিই তারা আগে ভালোভাবে জানতেন না। সরকারপ্রধান তাদের মতো পথশিশুদের কথা স্মরণে রেখে এভাবে রেস্টুরেন্টে ডেকে খাবারের আয়োজন করবেন, তা তারা কখনো কল্পনাও করতে পারেননি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন