বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

মেঘনায় টাস্কফোর্সের নৌপথসভা, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৯:৪১ পিএম

মেঘনায় টাস্কফোর্সের নৌপথসভা, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে হুঁশিয়ারি

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জেলেদের সচেতন করার লক্ষ্যে বিশেষ নৌপথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা টাস্কফোর্স। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অংশগ্রহণে এই ব্যতিক্রমী নৌপথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কোনো ধরনের জাল ফেলা বা মাছ শিকারের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নৌপথসভায় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ট্রলারে করে নদীতে থাকা সাধারণ জেলে, মৎস্য ব্যবসায়ী এবং তীরবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

তারা উল্লেখ করেন, মা ইলিশের ডিম ছাড়ার এই প্রধান মৌসুমে সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করা জাতীয় দায়িত্ব।

নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে মাছ ধরা, ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও হাটবাজারে বিক্রিসহ সব ধরনের সংশ্লিষ্ট কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জেলেদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়।

নৌপথসভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

এছাড়া চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশীদ এবং কোস্ট গার্ডের চৌকস সদস্যরা কার্যক্রমে অংশ নেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ না পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন চরমভাবে ব্যাহত হবে।

তিনি জোর দিয়ে বলেন, সরকার ঘোষিত এই ২২ দিনের নিষেধাজ্ঞা মাঠপর্যায়ে কঠোরভাবে কার্যকর করতে নদীতে দিন-রাত সার্বক্ষণিক যৌথ অভিযান পরিচালনা করা হবে।

আইন অমান্য করে কেউ নদীতে মাছ শিকার করলে কিংবা কোনো ব্যক্তি ইলিশ মজুত, বাজারজাতকরণ ও পরিবহনের সাথে যুক্ত থাকলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কঠোর সাজা প্রদান করা হবে।