বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

কাভার্ডভ্যানের চাপায় মায়ের চোখের সামনে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৬, ০৩:৩৯ পিএম

কাভার্ডভ্যানের চাপায় মায়ের চোখের সামনে দুই শিশুর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ময়মনসিংহের তারাকান্দায় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় মায়ের চোখের সামনেই প্রাণ হারিয়েছে দুই শিশু সন্তান। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক সড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিথর হয়ে পড়ে দুই অবুঝ শিশু।

নিহত শিশুরা হলো পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের আট বছর বয়সী মেয়ে আরবিয়া এবং তার ছয় বছর বয়সী ছোট বোন রাবিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজে যোগ দিতে দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা পশ্চিম তালদিঘী সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। তীব্র আঘাতে ঘটনাস্থলেই মারা যায় দুই বোন।

ঘটনার পরপরই সংগৃহীত একটি সিসিটিভি ভিডিও প্রকাশ পায়। তাতে দেখা যায়, মায়ের সঙ্গে নিরাপদে সড়কের প্রান্তসীমা ধরে হেঁটে যাওয়ার মুহূর্তে পেছন দিক থেকে ভারী যানটি এসে তাদের আঘাত করে নিমেষেই পালিয়ে যায়। চালকের এমন বেপরোয়া আচরণ দেখে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, সিসিটিভি চিত্র দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ি চালানোর সময় চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। নিহত দুই শিশুর মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের লিখিত অভিযোগ ও আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।