নভেম্বর ২, ২০২৬, ১০:৪১ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) বিকেলে পাম বিচ শহরের ক্রেসহ্যাভেন আবাসিক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল বা ১৪ দশমিক ৪৮ কিলোমিটার।
উড়োজাহাজটিতে থাকা কোনো আরোহীই বেঁচে নেই।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে রওনা হয়েছিল। এতে চালকসহ মোট ৯ জন আরোহী ছিলেন। দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেনের কাছে পৌঁছালে বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তেই পুরো বিমানে তীব্র আগুন ধরে যায়।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর পরিসংখ্যান বলছে, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি বিকেল ৩টা ৩৭ মিনিটে টেক্সাসের অস্টিন থেকে উড্ডয়ন করেছিল। ভূপাতিত হওয়ার আগমুহূর্তে বিমানটি ৪১ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের রেকর্ডে দেখা গেছে, দ্রুতগতিতে নিচে নেমে আসার পর বিমানটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া ও আগুনের শিখা বাতাসে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্রেস্টহেভেন বুলেভার্ড ও দশম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়কটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। ফলে সাধারণ নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যৌথ তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। মূল তদন্তের দায়িত্ব পালন করবে এনটিএসবি। সংস্থা দুটি জানিয়েছে, আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শেষ হলে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সার্বিক তথ্য প্রকাশ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন