নভেম্বর ৪, ২০২৬, ০৮:৫৩ পিএম
রাষ্ট্র কখনো আবেগ, রাগ কিংবা ক্ষোভের ভিত্তিতে পরিচালিত হতে পারে না; বরং রাষ্ট্র চলে যৌক্তিকতার ওপর ভিত্তি করে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সংবিধান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সময়ের চাহিদায় জনগণের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়েই সংবিধানে পরিবর্তন আনতে হয়। তবে এই পরিবর্তন কোনোভাবেই সংবিধানের মৌলিক ভিত্তিগুলোকে বিনষ্ট করে করা উচিত নয়।
তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের মানুষ কখনোই রাজনৈতিক কিংবা সামাজিক বাড়াবাড়িকে পছন্দ করে না। অতীতে যারাই বাড়াবাড়ি করার চেষ্টা করেছে, এ দেশের জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করেছে।
রাষ্ট্রের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে দেশের মানুষ কখনোই ভুল করে না উল্লেখ করে তিনি বলেন, যেসব রাজনৈতিক দল বা গোষ্ঠী সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছিল, জনগণ তাদেরকেই সমর্থন জানিয়েছে এবং ভোটে নির্বাচিত করেছে।
দেশের বিদ্যমান ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী আরও বলেন, আমাদের কিছু সীমাবদ্ধতা থাকলেও নানা প্রতিকূলতা পেরিয়ে সম্প্রীতির সঙ্গে মিলেমিশে বসবাসের যে অনন্য দৃষ্টান্ত আমরা তৈরি করেছি, তা বিশ্বজুড়ে বিরল।
বক্তব্যের শেষ অংশে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আদর্শকে সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশের সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন