শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৫, ২০২৬, ১২:০৮ পিএম

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ও অস্থিরতার মাঝেই ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ রোববার ৫ এপ্রিল দুপুরেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

হঠাৎ করে ডাকা এই বৈঠকে ক্রিকেটারদের পাশাপাশি নতুন নির্বাচক প্যানেল এবং কোচিং প্যানেলের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে বিসিবি সূত্র নিশ্চিত করেছে।

বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে যখন চরম টানাপোড়েন চলছে তখন ক্রিকেটারদের সঙ্গে এই মিটিংকে ঘিরে ক্রীড়াঙ্গনে ব্যাপক কানাঘুষা শুরু হয়েছে। যদিও বিসিবির পক্ষ থেকে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আগে থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন এটি একটি সৌজন্য সাক্ষাৎ হতে পারে। 

লম্বা সময় দেশের বাইরে থাকার পর সম্প্রতি দেশে ফিরে ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসার সুযোগ পাননি আমিনুল ইসলাম বুলবুল। তাই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ক্রিকেটারদের মানসিক অবস্থা বুঝতে এবং তাদের আশ্বস্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য যে বিসিবি নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গত মাসে গঠিত হওয়া তদন্ত কমিটি আজ তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে এই প্রতিবেদন আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে তুলে দেওয়া হয়। 

ফলে তদন্ত প্রতিবেদনের ফলাফলের ওপর বিসিবির বর্তমান কমিটির ভাগ্য অনেকাংশে ঝুলে রয়েছে। এই স্পর্শকাতর সময়েই ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকটি বাড়তি গুরুত্ব বহন করছে।বোর্ডের ভেতরে সংকটের গভীরতা আরও স্পষ্ট হয়েছে গত শনিবার যখন একদিনেই চারজন পরিচালক পদত্যাগ করেন। ২৫ সদস্যের বর্তমান পরিচালনা পর্ষদ থেকে এ পর্যন্ত মোট সাতজন পরিচালক দায়িত্ব ছেড়েছেন যা বোর্ডের সাংগঠনিক ভিত্তি দুর্বল করে দিয়েছে। 

এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজে তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন। এছাড়া প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সহ-সভাপতি ফারুক আহমেদের বক্তব্যও রেকর্ড করা হয়েছে। অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে বোর্ডের বর্তমান কাঠামোতে বড় ধরণের পরিবর্তন আসতে পারে। এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্রিকেটারদের সঙ্গে সভাপতির এই বৈঠক ক্রিকেট সংশ্লিষ্ট সবার নজর কেড়েছে।