শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
নিত্যপণ্যের বাজারদর

রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

কৃষি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৪:১১ পিএম

রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের বাজারও নতুন করে চড়েছে। ঢাকার বিভিন্ন খুচরা বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন বাড়তি দর দেখা গেছে।

নিত্যপণ্যের বাজারে ফের অস্বস্তির চাপ। বাজার ঘুরে দেখা যায়, জাত ও মানভেদে প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

এ ছাড়া আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ থেকে ৫৫ টাকা কেজি এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

অন্যদিকে মাছ, ডিম ও মুরগির বাজারও বেশ চড়া। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৬০ টাকা।

বাজারে আসা ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহে তুলনামূলক কম দামে যেসব সবজি কেনা গিয়েছিল, এখন সেগুলোর পেছনেই বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।

সবজি বিক্রেতাদের দাবি, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ার কারণেই নতুন করে বেশ কিছু সবজির দাম বেড়েছে।