সেপ্টেম্বর ২২, ২০২৬, ০২:৪৭ পিএম
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার প্রবণতা থাকলেও দেশে অযৌক্তিকভাবে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্তের সরাসরি নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে। পণ্য পরিবহন ব্যয় একলাফে বেড়ে যাওয়ায় কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।
কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেচের মৌসুমে ডিজেলের মূল্যবৃদ্ধি কৃষকের উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন রিজভী। শিল্প কারখানার উৎপাদন ব্যয় বেড়ে গেলে রপ্তানি খাতেও সংকট দেখা দেবে। সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার ব্যয় যখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, তখন এই মূল্যবৃদ্ধি জনগণের পকেট কাটার শামিল।
অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ লাঘবের আহ্বান জানান বিএনপির এই নেতা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন