অক্টোবর ৮, ২০২৬, ০৮:২০ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ বিক্রি করায় চারজনকে জরিমানা এবং ১২০ কেজি মা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ ঘোষিত ১১ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে সদর উপজেলার খানপুর বাজার এলাকায় এবং তল্লা এলাকার ভাই ভাই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে এই মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২০ কেজি মা ইলিশ এবং নিষিদ্ধ ঘোষিত ১১ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মা ইলিশ মাছ এবং পিরানহা মাছ বিক্রি করায় নজরুল ইসলামকে দুই হাজার টাকা, মো: লিটন মিয়া, মো: আলাউদ্দিন এবং মো. নূর ইসলাম প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান আসাদ, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: নওশের আলী সহ সদর উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন