অক্টোবর ৮, ২০২৬, ০৮:৩৪ পিএম
জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে তিন পয়েন্ট পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি খেলতে না পারার বিষয়টি তুলে ধরেছেন তিনি।
ম্যাচ শেষে সাইফুল বারী টিটু বলেন, মেয়েদের পারফরম্যান্সে আমি গর্বিত। তবে জয় পেলেও দলের খেলার ধরনে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। বিশেষ করে ম্যাচে বেশ কিছু ভুলভ্রান্তি হয়েছে। উজবেকিস্তান আগ্রাসী দল। তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আর তাদের চাপের মধ্যেই বল হারিয়ে গোল হজম করতে হয়েছে আমাদের।
পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন। সেই ম্যাচকে আরও কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ। ফিলিপাইনের খেলার ধরন ও শক্তি সম্পর্কে দল অবগত জানিয়ে টিটু বলেছেন, দলটির বিপক্ষে আরও উচ্চ মানের ফুটবল খেলতে হবে।
পরবর্তী ম্যাচের আগে দুই দিন সময় পাওয়ায় প্রথম দিনটি মূলত পুনরুদ্ধারে এবং পরের দিন ম্যাচের প্রস্তুতিতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে কোচের। উজবেকিস্তানের বিপক্ষে যারা খেলেননি, তাদেরও শারীরিকভাবে প্রস্তুত করা হবে।
ফিলিপাইনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দলকে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন টিটু। তার চোখে, জয়টি গুরুত্বপূর্ণ হলেও পরের ম্যাচে আরও গোছানো ও উচ্চ মানের ফুটবল খেলাই এখন মূল লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন