বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
ক্রিকেট সংবাদ

আইপিএলের সঙ্গে সূচি সংঘাত রেখেই নির্ধারিত হলো ২০২৭ সালের পিএসএলের তারিখ

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০৪:৩৭ পিএম

আইপিএলের সঙ্গে সূচি সংঘাত রেখেই নির্ধারিত হলো ২০২৭ সালের পিএসএলের তারিখ

তৃতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির দ্বাদশ আসর শুরু হবে আগামী বছরের ১৮ মার্চ এবং চলবে ২ মে পর্যন্ত। রমজানের পর পিএসএল আয়োজন নিয়ে সম্প্রচার স্বত্বধারী ওয়ালি টেকনোলজিস আপত্তি জানালেও শেষ পর্যন্ত মার্চ-মে সময়কেই বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ফ্র্যাঞ্চাইজিগুলো।

২০১৬ সালে টুর্নামেন্টটি শুরুর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে পিএসএল অনুষ্ঠিত হয়ে আসছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ব্যস্ত সূচির কারণে ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি এপ্রিল-মে সময়ে সরিয়ে নেওয়া হয়। বিশেষ করে ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কারণে সূচিতে এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল পিসিবি।

এদিকে ২০২৭ সালের পিএসএল জানুয়ারি-ফেব্রুয়ারিতে এগিয়ে আনার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল। গত মাসে গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ নিয়ে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো আলোচনা করে। পিএসএলের ২০২৯ সাল পর্যন্ত মিডিয়া স্বত্বের মালিক ওয়ালি টেকনোলজিস বর্তমান সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তাদের মূল দাবি ছিল, রমজানের পর বিজ্ঞাপন ও সম্প্রচার থেকে কাঙ্ক্ষিত আয় পাওয়া কঠিন হয়ে পড়ে।

ওয়ালি টেকনোলজিসের যুক্তি ছিল, পবিত্র রমজান মাসে বেশির ভাগ বিজ্ঞাপনদাতা তাদের বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেট ব্যয় করে ফেলে। ফলে রমজানের পর টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে সম্প্রচারকারীদের জন্য বিজ্ঞাপন থেকে আয় কমে যায়। গত দুই আসরও রমজানের পরেই অনুষ্ঠিত হয়েছে এবং ২০২৭ সালের আসরও একই সময়ের পরে পড়ছে। আগামী বছর রমজান শুরু হবে ফেব্রুয়ারির শুরুতে এবং চলবে মার্চের শুরু পর্যন্ত।

তবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজনের প্রস্তাব বাস্তবসম্মত মনে হয়নি। কারণ, এই সময়ে পাঞ্জাবে তীব্র শীত ও ঘন কুয়াশা থাকে। লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডি—পিএসএলের চারটি ঐতিহ্যবাহী ভেন্যুর মধ্যে তিনটিই এই প্রদেশে অবস্থিত। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ম্যাচ আয়োজন নিয়ে বড় শঙ্কা তৈরি হয়।

গভর্নিং কাউন্সিলের বৈঠকে সময়সূচি নিয়ে কোনো ঐকমত্য না হওয়ায় পরে আটটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ই-মেইলে মতামত নেয় পিসিবি। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ ফ্র্যাঞ্চাইজি মার্চ-মে সময়কেই সমর্থন করেছে। এরপরই ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত পিএসএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে ২০২৭ সালের পিএসএল একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় আবারও আইপিএলের সঙ্গে সরাসরি সূচি-সংঘাত তৈরি হচ্ছে। এর আগে ২০২৫ ও ২০২৬ সালেও দুই দেশের প্রধান দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ একই সময়ে মাঠে গড়িয়েছিল।