রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ১১:১০ এএম

ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে হায়দরাবাদ কিংস মেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা প্রথম দল হিসেবে ফাইনালে ওঠা পেশোয়ার জালমির মুখোমুখি হবে।

ম্যাচে টসে জিতে হায়দরাবাদ কিংস মেনকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় ৭ উইকেটে ১৮৪ রান তুলতে সক্ষম হয় ইসলামাবাদ ইউনাইটেড।

আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ। ৪ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার মাজ সাদাকাত। তবে দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও মার্নাস লাবুশেন দলের হাল ধরেন। আইয়ুব ২৭ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর উসমান খান ব্যাটিংয়ে নেমে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। 

তিনি ৩১ বলে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া কুশল পেরেরা ২১ বলে ৩৭ এবং অধিনায়ক মার্নাস লাবুশেন ৩২ বলে ৩৯ রান করেন।ইসলামাবাদের বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া ফাহিম আশরাফ, ক্রিস গ্রিন ও রিচার্ড গ্লিসন ১টি করে উইকেট নেন।১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ডেভন কনওয়ের ২৫ বলে ৩০ এবং শাদাব খানের ২৪ বলে ২২ রানের ইনিংসে ভালো শুরু পায় ইসলামাবাদ। তবে মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। মার্ক চ্যাপম্যান ২৬ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন। 

শেষ দিকে হায়দার আলী ১৬ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে সমীকরণ সহজ করে আনেন।শেষ ওভারে জয়ের জন্য ইসলামাবাদের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। হুনাইন শাহর করা সেই ওভারের প্রথম তিন বলে আসে মাত্র ১ রান। চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ফাহিম আশরাফ। শেষ বলে জয়ের জন্য ৪ রানের প্রয়োজন থাকলেও ১ রানের বেশি নিতে পারেনি ইসলামাবাদ। 

ক্রিস গ্রিন ৯ বলে ২১ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে ব্যর্থ হন।হায়দরাবাদের পক্ষে মোহাম্মদ আলী ও হুনাইন শাহ ২টি করে উইকেট নেন। এ ছাড়া আকিফ জাভেদ ও সাইম আইয়ুব ১টি করে উইকেট লাভ করেন। নবাগত দল হিসেবে প্রথমবার অংশ নিয়েই পিএসএলের ফাইনালে খেলার গৌরব অর্জন করল হায়দরাবাদ কিংস মেন।