বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ফাইনালে আগুন ঝরানো বোলিংয়ে নিজের মূল্য বোঝালেন নাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৪, ২০২৬, ১২:২৮ এএম

ফাইনালে আগুন ঝরানো বোলিংয়ে নিজের মূল্য বোঝালেন নাহিদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে বোলিংয়ে গতির ঝড় তুলেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হায়দরাবাদ কিংসমানের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে ৪ ওভারে ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। নাহিদ রানার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ ওভারে ১২৯ রানেই গুটিয়ে গেছে হায়দরাবাদ।

ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম। হায়দরাবাদের পক্ষে ওপেনিংয়ে নামেন মাজ সাদাকাত এবং অধিনায়ক মারনাস লাবুশেন। দলীয় ১৬ রানে ব্যক্তিগত ১১ রান করে বিদায় নেন মাজ। ৫২ রানে দ্বিতীয় উইকেট হিসেবে লাবুশেন সাজঘরে ফেরেন ২০ রান করে।

ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবার আক্রমণে আসেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারে ১৩ রান দিলেও অষ্টম ওভারে বোলিংয়ে ফিরে সাফল্য পান তিনি। ওই ওভারেই অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাক উপহার দিয়ে সাজঘরে পাঠান রানা। 

একই ওভারে রান আউটের শিকার হন কুশল পেরেরা। নিজের তৃতীয় ওভার করতে এসে উইকেট মেইডেন দেন রানা। এ সময় তিনি হায়দরাবাদের ব্যাটার হুনাইন শাহকে আউট করেন।এক প্রান্ত আগলে রেখে সাইম আইয়ুব ফিফটি তুলে নিলেও রানার গতির কাছে বাকিরা ছিলেন অসহায়। ১৭তম ওভারে নিজের শেষ স্পেলে বল করতে এসে সাইম আইয়ুবকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন রানা। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান সাইম। 

নিজের ৪ ওভারের কোটা শেষে ১ মেইডেনের সহায়তায় মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। সাইম আইয়ুব ৫০ বলে ৫৪ রান করে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন।পেশোয়ার জালমির পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন অ্যারন হার্ডি। নাহিদ রানা ২ উইকেট নেওয়ার পাশাপাশি মোহাম্মদ বাসিত এবং সুফিয়ান মুকীম ১টি করে উইকেট লাভ করেন। ১২৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে এখন মাঠে নামবে বাবর আজমের দল।