রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পিএসএল ফাইনালে ইতিহাস গড়লেন নাহিদ রানা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৪, ২০২৬, ০৪:২৯ পিএম

পিএসএল ফাইনালে ইতিহাস গড়লেন নাহিদ রানা

পিএসএল ফাইনালে দুর্দান্ত বোলিং করে ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার রাতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় ভূমিকা আসে দলের জয়ে।ম্যাচের শুরুতে কিছুটা রান দিলেও দ্রুতই পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন নাহিদ। 

শেষ তিন ওভারের একটিতে মেডেনসহ তিনি প্রতিপক্ষ ব্যাটারদের প্রচণ্ড চাপে রাখেন। নির্ধারিত ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রান খরচ করে ২ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। ম্যাচে তাঁর ইকোনমি রেট ছিল মাত্র ৫ দশমিক ৫০। 

এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারের জন্য মনোনীত হন এবং পুরস্কার হিসেবে ৩ লাখ পাকিস্তানি রুপি পান।এই অর্জনের মধ্য দিয়ে পিএসএল ফাইনালের ইতিহাসে মেডেন ওভার করা তৃতীয় পেসার হিসেবে নিজের নাম লেখালেন নাহিদ রানা। এর আগে ২০২১ সালে ইমরান খান এবং ২০২৪ সালে খুশদিল শাহ এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 

উল্লেখযোগ্য যে পূর্ববর্তী দুই পেসারই খেলেছিলেন মুলতান সুলতান্সের হয়ে।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চার ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল নাহিদের। তবে পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় ফ্র্যাঞ্চাইজিটি তাঁর জন্য বিশেষ অনুমতি সংগ্রহ করে, যার ফলে তিনি শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পান।

পুরো টুর্নামেন্টে নাহিদ রানা মোট ৫টি ম্যাচ খেলেছেন। ৫ দশমিক ৪৪ ইকোনমি রেটে তিনি শিকার করেছেন ৯টি উইকেট। নাহিদ রানার এই ব্যক্তিগত সাফল্যের ওপর ভর করেই পেশোয়ার জালমি দীর্ঘ ৯ বছরের শিরোপা খরা কাটিয়ে পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে।