মে ৩১, ২০২৬, ০১:০৯ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (৩১ মে) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় বহুল প্রতীক্ষিত খেলাটি শুরু হবে।সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি দুই দলের জন্যই অনেকটা নিয়ম রক্ষার।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসরের শেষ চার নিশ্চিত করে মারিয়ারা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে লড়াই হওয়ায় এই ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে। জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ।
হাইভোল্টেজ ম্যাচটিকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছেন সাবিনা-রূপনাদের দল। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা নিবিড় অনুশীলনে ওয়ার্ম-আপ ও পাসিং ড্রিলের পর পজেশন হোল্ড এবং ছোট ছোট দলে ভাগ হয়ে ম্যাচ-সিনারিও ঝালিয়ে নেন ফুটবলাররা।
অনুশীলনের শেষ পর্যায়ে প্রধান কোচ পিটার বাটলারের মূল ফোকাস ছিল ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট-পিস কৌশল নিয়ে কাজ করা। স্বস্তির খবর হলো, দলের স্কোয়াডের সবাই পুরোপুরি ফিট আছেন। ফলে ভারতের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের আগে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, তারা এখন একটি সম্পূর্ণ ভিন্ন দল এবং অনেক ভালো ফুটবল খেলছে। ভারতীয় দলে কিছু প্রকৃত ম্যাচ উইনার রয়েছে। তবে ভারতের আক্রমণাত্মক মানসিকতা থাকলে বাংলাদেশেরও তা আছে। তারা যেমন প্রয়োজন হলে রক্ষণ সামলাতে জানে, তেমনি গোলের সুযোগও তৈরি করতে পারে।

-20260530133902.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন