অক্টোবর ৮, ২০২৬, ০৭:৪২ পিএম
অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক উজবেকিস্তানকে হারিয়ে দারুণ জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। নাটকীয়তায় ভরা ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে রুনা আক্তারের জয়সূচক গোলে ২-১ ব্যবধানের অবিস্মরণীয় জয় ছিনিয়ে আনে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাসখন্দের স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের নিজেদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নজর কাড়ে বাংলাদেশ। খেলার মাত্র ৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে প্রথম বল জড়ায় সফরকারীরা। পাল্টা আক্রমণ থেকে মাঝমাঠের বাম প্রান্তে বল নিয়ন্ত্রণে নেন ফাতেমা আক্তার। সেখান থেকে নিখুঁত দক্ষতায় ডান প্রান্তে থাকা পূর্ণিমাকে লম্বা পাস বাড়িয়ে দেন তিনি। বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দারুণ গতিতে উজবেক গোলরক্ষক মারিয়াকে পরাস্ত করে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড পূর্ণিমা।
শুরুতেই পাওয়া এই গোলে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়।
তবে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে স্বাগতিক উজবেকিস্তান। ম্যাচের ১৭ মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে সমতায় ফেরে উজবেকরা। গোলমুখে ডিফেন্ডার আইরিন খাতুনের পা থেকে বল ছিনিয়ে নিয়ে সহজেই জালে পাঠিয়ে দেন উজবেক ডিফেন্ডার ফারানগিজ।
এরপর ম্যাচের বাকি সময়জুড়ে দুদলের আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চকর লড়াই চললেও কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না।
খেলা যখন ১-১ গোলের নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছিল, ঠিক তখনই অতিরিক্ত যোগ করা সময়ে মোড় ঘুরিয়ে দেন রুনা আক্তার। দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে তিনি পুরো দেশকে ভাসান উল্লাসে।
এই অবিস্মরণীয় জয়ে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।
গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ১১ অক্টোবর শক্তিশালী ফিলিপাইনসের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফিলিপাইনস। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে লাল-সবুজের কিশোরীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন