মো: রেজাউল ইসলাম রিজু
অক্টোবর ৮, ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: দিনাজপুর টিভি
স্বল্প পুঁজিতে নতুন উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির বার্তা নিয়ে দিনাজপুরে সম্পন্ন হলো ব্যবসায়ী সমাবেশ ২০২৬।
১০ হাজার টাকাতেই ব্যবসার দ্বার উন্মোচনের সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে এই সমাবেশের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) দিনাজপুর জেলা শাখা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ছয় শতাধিক ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইবিডাব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে উদ্যোক্তাদের ভূমিকা অনস্বীকার্য। ব্যবসার জন্য কেবল বিপুল পুঁজিই মূল বিষয় নয়; দরকার সঠিক পরিকল্পনা, পেশাগত দক্ষতা, সততা ও নিরলস পরিশ্রম। মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়েও একজন মানুষ দৃঢ়তার সঙ্গে ব্যবসায়িক যাত্রা শুরু করতে পারেন এবং ধাপে ধাপে তা মহীরুহে রূপ নেয়।
সংগঠনের জেলা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর অঞ্চলের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। তিনি তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান তৈরির পরামর্শ দেন।
দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ ঘটাতে পারলে স্থানীয় পর্যায়ের বেকারত্ব দ্রুত কমবে।
ব্যবসায় নামার আগে বাজারের চাহিদা, সঠিক হিসাব এবং ক্রেতার মনোভাব বোঝার ওপর গুরুত্ব দেন কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক সেলিম রেজা। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান রাজিবুর রহমান পলাশ ও ছাত্র প্রতিনিধি মো. মাসুদ রানা তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের তাগিদ দেন।
আইবিডাব্লিউএফ জেলা শাখার সেক্রেটারি ও বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মো. রাশেদুন্নবী বাবু পুরো আয়োজনটি সঞ্চালনা করেন।
তিনি বলেন, সমাজের স্বল্প আয়ের মানুষকে স্বাবলম্বী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দিনাজপুরের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা শ্রেণি গড়ে তুলতে আইবিডাব্লিউএফ কাজ করছে। একজন উদ্যোক্তা সফল হলে তার সঙ্গে বহু মানুষের জীবিকা নিশ্চিত হয়। আমানতদারি, ক্রেতার সঙ্গে শালীন আচরণ এবং সময়ের সঠিক ব্যবস্থাপনা ব্যবসায়ের মূল ভিত্তি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি জাহিদ হাসান, শহর শাখার উপদেষ্টা কামরুল হাসান রাসেল, বিরল উপজেলা উপদেষ্টা হাফেজ আব্দুর রশিদ এবং ব্যবসায়ী মাওলানা আশরাফুল।
দিনাজপুর টিভি ডট কম-এর প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য পুঁজি ব্যবস্থাপনা, পণ্যের প্রচার, ক্রেতা তৈরি এবং দীর্ঘমেয়াদে সফল উদ্যোক্তা হওয়ার বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করা হয়।