অক্টোবর ৮, ২০২৬, ০৮:২৫ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে অভিনব কায়দায় লুকানো এক কোটি ৭৪ লাখ টাকা মূল্যের তিনটি সোনার পেস্টভর্তি ডিমসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার পেস্টের মোট ওজন প্রায় এক কেজি ২৯০ গ্রাম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ওই যাত্রী।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, সোনা চোরাচালানের সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই আন্তর্জাতিক আগমনী লাউঞ্জের বিভিন্ন পয়েন্টে কড়া নজরদারি গড়ে তোলেন প্রিভেন্টিভ টিমের সদস্যরা। শারজাহ থেকে আসা ফ্লাইটটি অবতরণের পর নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে অভ্যন্তরীণ ব্যাগেজ বেল্ট-২ এলাকায় সন্দেহভাজন যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীকে তল্লাশি করা হয়।

তল্লাশি অভিযানে তার পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্টসদৃশ বস্তু বের করে আনা হয়। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষায় এগুলো সোনা হিসেবে নিশ্চিত করেন কাস্টমস কর্মকর্তারা।
উদ্ধার হওয়া তিনটি ডিমের প্রতিটির ওজন ছিল প্রায় ৪৩০ গ্রাম করে। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর মোট ওজন দাঁড়ায় এক হাজার ২৯০ গ্রাম।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত এই সোনা শতভাগ বিশুদ্ধ বা ২৪ ক্যারেটের। একজন পেশাদার স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির এই পেস্টগুলো ল্যাবরেটরিতে পরিশোধন বা রিফাইন করার পর আনুমানিক এক হাজার গ্রাম বা এক কেজি নিখাদ সোনা পাওয়া যাবে। বর্তমান স্থানীয় বাজারমূল্য অনুসারে উদ্ধার করা এই সোনার দাম প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা।
বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তারা জানান, বেআইনিভাবে শুল্ক ফাঁকি দিয়ে সোনা পাচারের অভিযোগে যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন