বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
দুর্গাপূজা

উত্তরবঙ্গে প্রথমবার শত কেজি সোনার গহনায় সেজে উঠবে প্রতিমা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০৯:০৪ পিএম

উত্তরবঙ্গে প্রথমবার শত কেজি সোনার গহনায় সেজে উঠবে প্রতিমা

উত্তরবঙ্গে প্রথমবারের মতো ১০০ কেজি সোনার সাজে সেজে উঠতে চলেছে মা দুর্গার প্রতিমা। শুধু মা দুর্গাই নয়, এই শত কেজি সোনার গহনার মধ্যে সাজানো হবে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমা। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ৬৪তম বর্ষের এই বিশেষ আয়োজনের কথা জানায় সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি।

প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় নতুন চমক নিয়ে আসছে সেন্ট্রাল কলোনি। সেকো গোল্ডের সহযোগিতায় তৈরি হচ্ছে এই বিশেষ সাজ। বালুরঘাটের বিখ্যাত শিল্পীদের হাতে তৈরি হচ্ছে পূজার মণ্ডপ এবং চন্দননগরের শিল্পীদের তৈরি চোখ ধাঁধানো আলোকসজ্জা এবারের পূজার অন্যতম আকর্ষণ হতে চলেছে।

তবে এ বছর পূজার স্থান পরিবর্তন হয়েছে। এতদিন যে জায়গায় সেন্ট্রাল কলোনির পূজা হয়ে আসছিল, সেখানে রেলের পক্ষ থেকে ক্রিকেট মাঠ তৈরির কাজ চলছে। সেই কারণে আগের পূজা স্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে নিউ জলপাইগুড়ি থানার পার্শ্ববর্তী একটি মাঠে এ বছর পূজার আয়োজন করা হয়েছে। স্থান বদলালেও আয়োজন ও চমকের ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছে না পূজা কমিটি।

১০০ কেজি সোনার সাজে সজ্জিত প্রতিমা দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। মণ্ডপের প্রায় আট ফুট আগে থেকেই ব্যারিকেড করা হবে। গোটা চত্বর সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে এবং একাধিক নিরাপত্তারক্ষী ও বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়নের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে ব্যাপক পুলিশের নিরাপত্তার ব্যবস্থাও থাকবে। মণ্ডপের পেছনেও পৃথক ব্যারিকেড করা হবে।

ইতিমধ্যেই এই বিশেষ পূজাকে ঘিরে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিধায়কসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পূজার প্রায় এক সপ্তাহ আগে উদ্বোধকের নাম ঘোষণা করা হবে। চতুর্থীর দিন সন্ধ্যায় পূজার উদ্বোধন করা হবে। ১০০ কেজি সোনার এই নজিরবিহীন সাজকে ঘিরে ইতিমধ্যে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতুহল।